Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 05-10-2026 ইং
ব্যাংক-বিমা, সিগারেট সহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
ব্যাংক-বিমা, সিগারেট সহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
প্রতিনিধি, Admin ।।

নিউজডেস্ক | ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সিগারেট ও মোবাইল ফোন প্রস্তুতকারকসহ ১১টি নির্দিষ্ট খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

আদেশ সূত্রে জানা গেছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি এই পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকে, তবে তাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে জারি করা এনবিআরের আগের নির্দেশনাগুলো এ আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত বা বাদ দিতে পারবে।

অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এনবিআর সুনির্দিষ্ট খাতের ব্যবসায়ীদের জন্য ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বলে জানা গেছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম