ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বারোমাসিয়া ব্রীজ কাটাখালি নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। উক্ত দুর্ঘটনায় মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল হক মন্টুর একমাত্র ছেলে রিয়ন (২২) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটের সময় রিয়ন তার এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। বারোমাসিয়া ব্রীজের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং রিয়ন ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহী অলৌকিকভাবে ছিটকে পড়ে প্রাণ রক্ষা পান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন ও ঘটনা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।