খুলনায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় মহিদুল (২২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মহিদুল খুলনা মহানগরীর খালিশপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি শওকত খাঁর ছেলে।
স্থানীয়ভাবে জানা গেছে, মহিদুল তেলের গাড়িতে কাজ করতেন। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মোকসেদপুর থানার চৌগাছা এলাকায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, গুলি তার পেটের ডান পাশে লেগে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।
তবে কী কারণে এবং কারা মহিদুলকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।









