বাগেরহাটের মোল্লাহাটে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে কেএন আড়ুয়াডিহি মোহাম্মদপুর গোরস্থানের টিউবওয়েলের গোড়া পাকা এবং টিউবওয়েলে যাতায়াতের সুবিধার্থে রাস্তা ঢালাই করেছে কচুড়িয়া হিলফুল ফুযুল যুবসংঘ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কাজ সম্পন্ন করা হয়।

কচুড়িয়া হিলফুল ফুযুল যুবসংঘের উদ্যোগে এবং বাপ্পি এন্টারপ্রাইজের সহযোগিতায় গোরস্থানের টিউবওয়েলের গোড়া পাকা করার পাশাপাশি টিউবওয়েলে যাতায়াতের রাস্তাটি ঢালাই করা হয়। এর ফলে গোরস্থানে আসা মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর টিউবওয়েল ব্যবহার এবং চলাচলে আগের তুলনায় সুবিধা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করেন। বিশেষ করে গোরস্থানে আগত মানুষের পানি ব্যবহারের সুবিধা নিশ্চিত করা এবং টিউবওয়েলের আশপাশের পরিবেশকে আরও ব্যবহার উপযোগী করে তোলাই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

কাজ চলাকালে উপস্থিত ছিলেন কচুড়িয়া হিলফুল ফুযুল যুবসংঘের সাধারণ সম্পাদক মোঃ বশার মোল্লা, আহ্বায়ক মাওলানা লিয়াকত হুসাইন, সদস্য রফিক শেখ, ওহিদুল মুন্সি, সংগঠনের সদস্য রসুল্লআমিন খান এবং বাপ্পি এন্টারপ্রাইজের মালিক মোঃ বাপ্পি শেখ।

এ ছাড়া বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে কাজে সহযোগিতা করেন মোঃ আঃ জব্বার খান, মোঃ আকতার মীর, সদস্য বাদশা শরীফ সহ এলাকার আরও কয়েকজন ব্যক্তি। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়।

কচুড়িয়া হিলফুল ফুযুল যুবসংঘের এ উদ্যোগকে এলাকায় সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংগঠনটির সদস্যরা বিভিন্ন সময়ে এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কচুড়িয়া হিলফুল ফুযুল যুবসংঘ আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।