খুলনার গিলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ ফজলুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত  পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর গিলাতলার গ্যারিশন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বারান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এতে ফজলুর রহমান গুরুতর আহত হন।এসময় সিএনজি চালক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।